উলুবেড়িয়া পুর এলাকায় করোনা সংক্রমণ অনেকটাই বাড়ল
দি নিউজ লায়ন ; পুজোর পরে করণা সংক্রমণ বাড়তে পারে। সরকারি নির্দেশিকা হালকাভাবে নিলে ফল ভুগতে হবে সাধারণ মানুষকে। চিকিৎসকদের এই সতর্কবাণী না শুনে সামাজিক দূরত্ব বজায় না রেখে পুজোর বাজার থেকে ঠাকুর দেখা সবকিছুই চলল উলুবেড়িয়া শহরে।
আর যার ফলে উলুবেড়িয়া পৌরসভা এলাকায় করোনা সংক্রমণ একলাফে অনেকটাই বেড়ে গেল।অন্যদিকে পুরো এলাকায় করোনা সংক্রমনের এই বৃদ্ধি চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কর্তাদের কপালে।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর পুজোর আগে পৌরসভার ৩২ টি ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকলেও গত ১২ দিনে এই সংখ্যাটা একলাফে অনেকটাই বেড়েছে। পৌরসভা সূত্রে খবর গত ১৪ অক্টোবর পুর এলাকায় যেখানে সংক্রমণের সংখ্যা ছিল মাত্র ১৪ দশমীতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬। বিশেষ করে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুর এলাকায় সংক্রমিত হয়েছেন ৩০ জন।
পুর আধিকারিকদের বক্তব্য পৌরসভার ৩২ টি ওয়ার্ডের মধ্যে বর্তমানে ৮, ২২,২৭ ও ৩০ নং ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর গত ২৭ এপ্রিল পুর এলাকায় প্রথম করনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যাওয়ার পর দশমী পর্যন্ত পুর এলাকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৩। যদিও এখনো পর্যন্ত ৩০১ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন। তবে এর মধ্যে ৩৬ জন প্রান হারিয়েছেন।
অন্যদিকে পৌরসভা এলাকায় আচমকা করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তিত প্রশাসন।এই বিষয়ে উলুবেড়িয়া পৌরসভা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস জানান পুর এলাকায় সংক্রমণ বৃদ্ধিতে আমরা সতর্ক আছি। আগামী ২ রা নভেম্বর উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Post a Comment